গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পরাজয় মেনে নিয়েছেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি রায় মেনে নিয়েছি।
ভোটের পরদিন শুক্রবার (২৬ মে) সকালে টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তবে অভিযোগ করে আজমত উল্লাহ বলেন, কিছু ত্রুটি ছিল ইভিএমে। অনেকে ভোট দিতে পারে নাই। পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। পরাজয়ের কি কি কারণ ছিল তা জানানো হবে।
বিজয়ী মেয়র জায়েদা খাতুন আপনার সহযোগিতা চাইবেন বলে জানিয়েছেন এমন প্রশ্নের জবাবে আজমত উল্লাহ বলেন, কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে।
গাসিক নির্বাচনে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান পান ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
ভোটের দিন বৃহস্পতিবার গভীর রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলে দেখা যায়, আজমতের চেয়ে ১৬ হাজার ১৯৭টি বেশি ভোট পেয়ে জয়ী হন জায়েদা খাতুন।
