বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে

নজর২৪ ডেস্ক- নভেম্বরে বঙ্গোপসাগরে এক-দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মাসের শুরুতেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা। সেই পূর্বাভাসই হয়ত সত্য হতে যাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

 

এটি রবিবারের মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে। দ্রুত শক্তি অর্জন করলে নিম্নচাপটি রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়েও।

 

রবিবার ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এই তথ্য।

 

জানা গেছে, লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন, বাংলাদেশের খুব বেশি ভয়ের আশঙ্কা নেই। কারণ এটি বাংলাদেশ উপকূল থেকে বেশ দূরে রয়েছে। এর গতিমুখ ভারতের অন্ধ্র উপকূলের দিকে। এর প্রভাবে ভারতের দক্ষিণের এলাকাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে।

 

তবে ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ওই লঘুচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আবারও আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।

 

প্রসঙ্গত, রাজধানীসহ সারাদেশে গত দুই দিন ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পর প্রকৃতি ধীরে ধীরে নিজেকে মুড়িয়ে নিচ্ছে শীতের চাদরে।

 

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার বাংলাদেশ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *