দুবাইতে স্বর্ণের দোকান উদবোধন ও নিজের গাওয়া গজলের শুটিং শেষে দেশে ফিরেছেন হিরো আলম। বিমানবন্দরে নেমেই পুলিশের কাছে পুরস্কার দাবি করলেন তিনি।
রোববার (১৯ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাইরে অপক্ষেমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব ভাইকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত।
আরাভের সঙ্গে কত দিনের সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক দিন আগে থেকে তার সঙ্গে আমার পরিচয়। তিনি মাঝে মাঝে আমার কাজে ইনভেস্ট করতে চাইতেন। সেই থেকেই পরিচয়।’
আরাভ খুনের মামলার পলাতক আসামি, সেটা জানতেন কি না— প্রশ্ন করলে হিরো আলম বলেন, ‘আমরা দুবাই যাওয়ার আগে জানতাম না যে তিনি মার্ডার কেসের আসামি। আমরা খবরটি জেনেছি গত ১৩-১৪ তারিখ। তখন তো আমরা চলেই গেছি।’
তিনি বলেন, ‘পুলিশ এ বিষয়ে আমাকে সতর্ক করেনি। পুলিশ সতর্ক করলে আমি দুবাই যেতাম না। পুলিশ যদি আগে থেকেই বিষয়টি জানতো, তাহলে ঢাকা বিমান বন্দরে আমাকে আটকাতে পারতো। পুলিশ সেটা না করে যদি এখন আমাদেরকে দোষ দেয়, তাহলে সেটা পুলিশের অন্যায়। আমি বলবো, দুবাই গিয়ে আমরা অন্যায় করিনি। পুলিশ আমাদেরকে বিষয়টি না জানিয়ে অন্যায় করেছে।’
