স্টেডিয়ামে ঢুকতেই হোঁচট খেয়ে পড়ে গেলেন পাপন

বিপিএলের চলতি আসরে চলছে সিলেট পর্বের খেলা। যা সরাসরি উপভোগ করতে বিসিবি সভাপতি এখন সিলেটে। ভিআইপি বক্সে বসে সেই খেলা দেখতে এসেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হলেন নাজমুল হাসান পাপন।

সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্স বনাম রংপুর রাইডার্সের মধ্যকার দিনের প্রথম ম্যাচ চলাকালেই ঘটে এই দুর্ঘটনা।

এদিন খেলা শুরুর আগেই সিলেটে এসে পৌঁছান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভিআইপি বক্সে ঢোকার আগে ক্রিকেট ভবনের সামনে সিঁড়িতে হোঁচট খেয়ে সামনের দিকে বাজেভাবে পড়ে যান তিনি। দৌড়ে গিয়ে তাকে ধরেন সঙ্গে থাকা বিসিবি কর্মকর্তারা। পরে তাৎক্ষণিক উঠে দাঁড়ান তিনি।

এ ঘটনায় স্টেডিয়ামের অবকাঠামোগত ত্রুটি বা কারও কোনো দোষ দেখছেন না পাপন। বিসিবি সভাপতি জানান, অসাবধানতাবশত নিজের দোষেই পড়ে গেছেন তিনি।

আজ দুপুরে ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্স ম্যাচের ঠিক আগ মুহূর্তে সিলেটে এসে পৌঁছান পাপন। স্টেডিয়ামের চারদিকে বোর্ড প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে টাঙানো হয় প্ল্যাকার্ড। সিলেটের মাঠে প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গেছে গ্যালারি ভর্তি দর্শক। বিপিএলের প্রতি সিলেটবাসীর আগ্রহ থাকলেও বিভিন্ন অনিয়মের কথা বলছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *