আর্জেন্টাইনদের দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছে তার হাত ধরে। ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে দেশকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি নিজেরও অধরা স্বপ্নও পূরণ করেন লিওনেল মেসি। বিশ্বকাপ আমেজ শেষে এবার মেসির ক্লাব লড়াইয়ে ফেরার পালা। সে লক্ষ্যে গত সপ্তাহে পার্ক দে প্রিন্সেসে গেলেও এখনও মাঠে নামা হয়নি তার। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)র পরবর্তী ম্যাচেই দেখা যাবে এলএম টেনকে।
এদিকে দীর্ঘ তিন যুগ পর আলবিসেলেস্তা শিবিরে স্বস্তি নিয়ে আসা এই ক্ষুদে জাদুকরের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী তার ক্লাব।
সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপে ৭ গোল ও ৩টি অ্যাসিস্ট করে গোল্ডেন বল জিতেছেন মেসি। দারুণ ফর্মে থাকা লা পুলগা’র সঙ্গে শীঘ্রই আলোচনায় বসার কথা জানিয়েছেন পিএসজি সভাপতি নাসির আল খেলাইফি। আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে খেলাইফি জানান, ‘মেসিকে নিয়ে আর কী বলার আছে! তার সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে আমাদের’।
পিএসজি’র জার্সি গায়ে ৫৩ ম্যাচে ২৩টি গোল করেছেন ‘এলএমটেন’। খেলাইফি বলেন, ‘আমি লিওর জন্য অনেকটাই আনন্দিত। বিশ্বকাপে সে সেরা সময় কাটিয়েছে। এই ট্রফিটা তার প্রাপ্য’।
এদিকে বিশ্বকাপের সোনালী শিরোপা জয়ের পর স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে জুনে। তবে চুক্তি শেষ হবার আগেই নতুন চুক্তিতে যাবে তারা। সে লক্ষ্যে আগামী সপ্তাহে প্যারিস যাবেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। যেখানে ক্লাব পরিচালকদের সঙ্গে দেখা ও চুক্তির মেয়াদ ও পারিশ্রমিকের বিষয়টি পাকা করবেন। এক বছর কিংবা দুই বছরের জন্য নতুন চুক্তি করতে পারেন ৩৫ বছর বয়সী এই কিংবদন্তি।
এছাড়া মেসির নতুন বেতন কাঠামো প্রসঙ্গে মার্কা তার প্রতিবেদনে লেখে, প্যারিসে কর এবং অন্যান্য বিষয়ে অর্থ কেটে নেয়ার পর মৌসুমপ্রতি ৩ কোটি ইউরো আয় করেন মেসি। বয়স ৩৫ বছর হলেও বিশ্বকাপ জেতায় এবং ফর্ম ধরে রাখায় নতুন চুক্তিতে মেসির পারিশ্রমিক আরও বাড়বে।
তবে মেসির পারিশ্রমিক বাড়ালেও এ নিয়ে পিএসজিকে ভাবতে হবে না। বিশ্বকাপ জেতায় মেসির ব্যবসায়িক মূল্যটা ঠিকই বোঝে পিএসজি। আর তাই বিশ্বব্যাপী একটি স্লোগানকে ব্র্যান্ডিং করতে পারে পিএসজি, মেসি রিটায়ারস ইন পিএসজি। অর্থাৎ, মেসি পিএসজিতে অবসর নেবেন। সেটি হলে পিএসজির আয়–উন্নতি মোটেই খারাপ হবে না।
