তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা ওবায়দুল কাদের। এর মাধ্যমে তার দায়িত্ব আরও বেড়ে গেলো বলে জানিয়েছেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। স্বাধীনতা পর তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, দায়িত্ব আরও বেড়ে গেলো।
রোববার (২৫ ডিসেম্বর) দলটির নবনির্বাচিত কমিটির সদস্যরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলরদের মনের ভাষা শেখ হাসিনা বোঝেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক সংকট, নির্বাচন সামনে রেখে অভিজ্ঞদেরকেই কমিটিতে বিবেচনা করা হয়েছে।
এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের এর ২২তম জাতীয় কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনাসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।
সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের।
