আ.লীগের সেক্রেটারি হতে আগ্রহী ১০ নেতা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পেতে ১০ জন আগ্রহী বলে জানিয়েছেন দলটির বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে দলের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সম্মেলনস্থলে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সভাপতি আমাদের অপরিহার্য। যিনি (শেখ হাসিনা) সভাপতি তিনি আমাদের ঐক্যের প্রতীক। এই মতের ভিন্ন একজন কাউন্সিলরও খুঁজে পাওয়া যাবে না। এ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই।’

‘আর সেক্রেটারি পদে আগ্রহী আমার জানা মতে দলে ১০ জন অভিজ্ঞ নেতা আছেন। তবে কে হবেন সেটা নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামত। সবকিছুর প্রতিফলন ঘটবে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই সম্মেলনে যে কমিটি হবে, তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। নির্বাচনের পর আগামী সম্মেলন হতে পারে। তখন একটা মেজর হিসাব হতে পারে। আপাতত বড় কোনো ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না।’

বর্তমান সময় যে বিশ্ব সংকট চলছে তেমন চ্যালেঞ্জিং সময়ে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছি। এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। ২০৪১ সাল পর্যন্ত সমৃদ্ধ বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে আওয়ামী লীগ।’

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে আমরা অঙ্গীকারাবদ্ধ। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব। আমাদের মূল লক্ষ্য উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।

সাধারণ সম্পাদক পদে হ্যাটট্রিক করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কোনো প্রেডিকশন করতে চাই না। টাইম ইস নট ম্যাচিউরড টু প্রেডিক্ট। এটা আমি করতে পারি না। তাহলে কাউন্সিলরদের চিন্তাভাবনাকে অবমূল্যায়ন করা হয়। অন্তত ১০ জন আছে, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্য। সে ধরনের অভিজ্ঞ নেতৃত্ব আমাদের দলে আছে।’

বিএনপিকে নিমন্ত্রণ জানানো হবে কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘বিএনপি নিয়ে এত আগ্রহ কেন আপনার? এটা আমাদের দলের ব্যাপার। দাওয়াত আমরা সবাইকে দেব। নিবন্ধিত সব দলকে দাওয়াত দেওয়া হবে।’

এ সময় ওবায়দুল কাদের এবারের সম্মেলন স্মরণকালের ঐতিহাসিক সম্মেলন, উপস্থিতি বেশি হবে বলে মন্তব্য করেন এবং জাগরণের ঢেউ হবে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *