এবার বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

কাতার বিশ্বকাপে অংশগ্রহণ না করেও বার বার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম। পুরো বিশ্বকাপে ছিল লাল-সবুজ দেশটির কথা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের জনগনের পাগলাটে সমর্থনের কারণেই আলোচনায় ছিল দেশটি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশকে বিশ্বকাপ চলাকালেই ধন্যবাদ জানিয়েছিলেন।

এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে এক টুইট বার্তায় তিনি এসব জানান।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট তার দেশের ও বাংলাদেশের পতাকা, ভালোবাসা এবং করমর্দেনর চিহ্নসহ টুইট বার্তায় লিখেছেন, শেখ হাসিনা ও বাংলাদেশের সব জনগণকে ধন্যবাদ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা যে একতা ও পারস্পরিক ভালোবাসা দেখেছি, তা বর্ণনাতীত হয়ে উঠেছে এবং আজ (বিশ্বকাপজয়ী দলকে অর্ভ্যথনার দিন) এখানে উভয় দেশের পতাকা উড়ছে। আসুন, এই বন্ধন আরও গভীর করি।

এর আগে গত সোমবার (১৯ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেসকে চিঠির মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিঠিতে আর্জেন্টাইন দলের জয়কে দৃষ্টিনন্দন বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ফুটবলের প্রতি আকর্ষণ ও ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল বাংলাদেশ ও আর্জেন্টিনার জনগণের মধ্যে সংযোগ স্থাপন করেছে। আর্জেন্টিনা ফুটবল দলের জয় বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করেছে।

বাংলাদেশে আর্জেন্টিনাপ্রীতির কথা কয়েক সপ্তাহ ধরে সারা বিশ্বে বেশ আলোচিত হচ্ছে। এ খবর জানতে বাকি নেই লিওনেল মেসিদেরও। দিনের পর দিন এভাবে সমর্থন দিয়ে যাওয়ায় বিশ্বকাপ জেতার পরপরই বাংলাদেশ, তথা বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানায় আর্জেন্টিনা ফুটবল দল।

শুধু জাতীয় দলই নয়, স্বপ্নপূরণের দিনে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন অসংখ্য আর্জেন্টাইন নাগরিক। ফেসবুকে ‘ফ্যানস আর্জেন্টিনোস ডে লা সেলেকন ডি ক্রিকেট ডি বাংলাদেশ’ (বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টিনার ভক্তরা) নামের গ্রুপটিতে বাংলাদেশি সমর্থকদের প্রতি ধন্যবাদের বন্যা বয়ে যাচ্ছে গত রোববার (১৮ ডিসেম্বর) থেকে।

আর্জেন্টিনার রাস্তায় বাংলাদেশের পতাকা হাতে বিজয়োল্লাসের দৃশ্যও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন অসাধারণ বন্ধুত্বের প্রতিদান হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে শিরোপাসহ বাংলাদেশে পাঠাতে অনলাইনে পিটিশনও চালু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *