রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার দুপুরে সেখানে সিসি ক্যামেরা বসাতে দেখা গেছে।
পুলিশ সদস্যরা জানান, গতকাল বুধবার পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
ডিএমপির যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, ‘জনগণের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয় ঢাকা মহানগর পুলিশ তাই করবে।’
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। আর আশপাশের গলিগুলোর প্রবেশমুখের গেট বন্ধ করে রেখেছে পুলিশ। কার্যালয়ের সামনের রাস্তার দুপাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে।
এদিকে গেটের ভেতরে আটকে পড়া লোকজনকে বের হওয়ার জন্য আকুতি জানাতে দেখা যায়। অফিসমুখী সাধারণ মানুষ এসব গলি থেকে বের হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। যদিও কাউকে বের হতে দিচ্ছে না পুলিশ।
অন্যদিকে নাইটিংগেল মোড় ও ফকিরাপুল মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। এ ছাড়া নয়াপল্টনের আশপাশের গলির মুখেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
