আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বাংলাদেশের জয়ের খবর

ফুটবলে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন নতুন কিছু নয়। চলমান বিশ্বকাপে এবার তা অনেকে বেশি মনোযোগ আকর্ষণ করেছে। পশ্চিমা সংবাদমাধ্যম থেকে শুরু আর্জেন্টিনা দলের প্রেস কনফারেন্সেও এই সমর্থন কথা স্থান পেয়েছে।

বাংলাদেশি জনগণের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা বিশ্বকাপ জয়ী দলগুলোর সমর্থন জানানোতে প্রশংসা কুড়ালেও ফুটবলে বিশ্ব মঞ্চে বাংলাদেশ দলের অবস্থান খুব তলানিতে।

এক্ষেত্রে ফুটবলের চেয়ে এগিয়ে রয়েছে ক্রিকেট। আর তাই আর্জেন্টাইনরা বাংলাদেশের ক্রিকেট দলকে সমর্থন জানাতে এগিয়ে এসেছে।

ফিফা বিশ্বকাপ উন্মাদনার মাঝেই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। আর সে জয়ে এবার ভাসছে আর্জেন্টিনা।

দেশটির সংবাদমাধ্যম বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও দুই দেশের সমর্থকদের বন্ধুত্বের নিদর্শণ হিসেবে প্রকাশ করেছে বাংলাদেশের ক্রিকেট খেলার খবর। বিশেষ করে রোববার ভারতের বিপক্ষে টাইগারদের জয়ের খবর তারা ছেপেছে গুরুত্বের সঙ্গেই।

ভারতের বিপক্ষে শেষ উইকেটে মেহেদি মিরাজ ও মুস্তাফিজুর রহমানের ৫১ রানের পার্টনারশিপে জয় পেয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশের ক্রিকেটের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ উইকেটে জয়ের পর আর্জেন্টিনা অনলাইন সংবাদমাধ্যম এল দেসতাপে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।

তারা মিরাজের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখে, ‘চলো বাংলাদেশ! ভারতের বিপক্ষে এক উইকেটে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচের নায়ক ছিলেন মেহেদি মিরাজ ও মুস্তাফিজুর রহমান। আর্জেন্টিনার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং অসাধারণ জয় উদযাপন করছি।’

একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ম্যাচে জয়ের খবর প্রচারিত হয়েছে দেশটির শীর্ষ কয়েকটি টিভি চ্যানেলেও। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের মুহূর্ত দেখানো হয় তাদের বুলেটিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *