Home জাতীয় বিএনপির অপমৃত্যু ঘটবে: ওবায়দুল কাদের

বিএনপির অপমৃত্যু ঘটবে: ওবায়দুল কাদের

0
108

নজর২৪, ঢাকা- বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

আজ সোমবার বিকেলে সদ্য প্রয়াত নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মফিজ উল্লা বিকমের স্মরণে আয়োজিত সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন।

 

বিএনপি আন্দোলন ও নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্লজ্জভাবে বলে বেড়ায় যে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। দেশের মানুষ জানে এ দেশে পেট্রোল বোমা আর আগুন সন্ত্রাসের জনক হচ্ছে বিএনপি। গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা। ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাস তা প্রমাণ করে।

 

ওবায়দুল কাদের আরো বলেন, দেশের শান্তি ও স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি গুজব, অপপ্রচার আর আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অর্থের উৎসেরও সন্ধান করা হচ্ছে। যারা অর্থ জোগান দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

 

বিএনপিকে হুশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ ও রাষ্ট্রের সম্পদ এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আর দেওয়া হবে না।

 

নোয়াখালীর বিভিন্ন উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার দৃষ্টিভঙ্গি পোষণ করেন জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

মন্ত্রী বলেন, ফেনী, চৌমুহনী-সোনাপুর সড়ক চারলেনের কাজ চলমান আছে এবং চৌমুহনী হতে কুমিল্লা পর্যন্ত চারলেনের নির্মাণ কাজ চলছে।

 

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম,সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি এবং কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here