Home দেশের খবর ঢাকা স্বামীকে বেঁধে স্ত্রীকে গণনিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৬

স্বামীকে বেঁধে স্ত্রীকে গণনিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৬

0
82

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের একটি গজারি বনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে(২৩) গণনিগ্রহ বা দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার(৩ আগস্ট) দিনগত রাতে সখীপুর উপজেলার নয়াকচুয়া গ্রামের ‘চাঁদেরহাট’ নামক বিনোদনকেন্দ্রের পাশের বনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত বুলবুল আহমেদ(২৪), লাবু মিয়া(২৬), মোহাম্মদ বাবুল(৩০), আসিফ হোসেন(২৩), শফিক আহমেদ(২৫) ও মোজাম্মেল হক (৩০)। তারা সবাই সখীপুর উপজেলার কচুয়া দক্ষিণপাড়ার বাসিন্দা। শুক্রবার(৪ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতদের অঅদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে সখীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ওই দম্পতি নয়াকচুয়া গ্রামে অবস্থিত চাঁদেরহাট নামক বিনোদনকেন্দ্রে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বিনোদনকেন্দ্র থেকে মূল ফটকে বেরিয়ে আসেন। এ সময় গ্রেপ্তারকৃতরা তাদেরকে প্রেমিক-প্রেমিকা হিসেবে সন্দেহ করে পাশের গজারি বনে ধরে নিয়ে যান। সেখানে গ্রেপ্তারকৃতরা প্রথমে তাদেরকে মারধর করে। একপর্যায়ে রাত সাড়ে ৮ টার দিকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সাতজন মিলে গণনিগ্রহ বা দলবেধে যৌন নিগ্রহ চালায়। এতে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা চলে যায়। পরে রাত একটার দিকে তারা স্বামী-স্ত্রী সখীপুর থানায় গিয়ে মামলা দায়ের করে। মামলায় ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে সাত জনকে অভিযুক্ত করেছেন। ভুক্তভোগী ওই গৃহবধূকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেণ্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লেখিত ছয়জনকে গ্রেপ্তার করেছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ওই দম্পতি থানায় এসে গণনিগ্রহের বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে থানার এস আই মনিরুজ্জামান নয়াকচুয়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে। আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here