কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেওয়া যায় না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদের আবারও সতর্ক করা হবে।

আজ বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ২০১৮ সালের নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি শুনেছি, পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি।’ সব দলের অংশ গ্রহণে বাংলাদেশে প্রত্যাশার কথাও জানান রাষ্ট্রদূত।

জাপানের রাষ্ট্রদূতের ওই মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদেরকে আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদেশকে স্বাধীন করেছি।“

দেশের আত্মমর্যাদা রক্ষায় কাউকে ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী বলেন, সংবিধানের ১২৬ ধারায় উল্লেখ আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেখানে তাদের সহযোগিতা করবে জেলা প্রশাসন ও পুলিশ। এটা তাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তাদের এমন নির্দেশ দিয়েছেন। আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে। বিএনপি যতই আন্দোলন–সংগ্রাম করুক, তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

দেশে দুর্ভিক্ষ আসার কোনো সুযোগ নেই মন্তব্য করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। দেশ কৃষিক্ষেত্রে অনেক এগিয়েছে। আমাদের কৃষকেরা এখন খাদ্য উৎপাদনে অনেক অনেক সক্রিয়। বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর অঞ্চলের কৃষকেরা ভুট্টা ও সবজি চাষে ব্যাপক সফলতা পেয়েছেন। সরকার রাসায়নিক সারে ভর্তুকি দিচ্ছে। কৃষকদের জন্য সরকার সব ধরনের সুযোগ তৈরি করতে কাজ করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *