একজন শ্রমিক একদিনের পারিশ্রমিক দিয়ে ২০ কেজি চাল কিনতে পারে: তথ্যমন্ত্রী

দেশের প্রতিটি মানুষ আগের চেয়ে ভালো আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রতিটি গ্রামে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ছাড়াও অবকাঠামো সবকিছুর পরিবর্তন হয়েছে। বেড়েছে মানুষের আয়। এখন একজন শ্রমিক একদিনের পারিশ্রমিক দিয়ে ১২ থেকে ২০ কেজি চাল কিনতে পারেন। এভাবে বিভিন্ন সেক্টরে উন্নতির কারণে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়।

সরকারের তিন মেয়াদে দেশের অর্থনৈতিক উন্নয়নের জনগণের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন এসেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘এখন ভিখারি পাওয়া যায় না। পেলেও ভিখারিরা দুই টাকা পাঁচ টাকা দিলে গালি দেয়। এটাই বাস্তবতা। এটাই বাংলাদেশ। এখন আকাশ থেকে কুঁড়েঘর আর খালি পায়ে মানুষ দেখা যায় না। কুড়ে ঘর এখন জায়গা পেয়েছে কবিতায়, বাস্তবে নাই। মানুষ এখন তালি দিয়ে লুঙ্গি প্যান্ট পরে না। কেউ যদি পরে তবে মানুষ ভাবে সে মারফতি লাইনে চলে গেছে। এটিই বদলে যাওয়া বাংলাদেশ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মানুষ বিএনপির ইতিহাস ভুলে গেছে। মানুষ বিএনপির দুঃশাসন আর অত্যাচারের দিনলিপি ভুলে গেছে। অথচ শেখ হাসিনার সরকার সেই দুঃশাসনের প্রতিশোধ নেয়নি। সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড, ৫০ লাখ মানুষকে কমমূল্যে চাল দিচ্ছে। সরকার বিদ্যুৎ, সার নিশ্চিত করেছে কৃষকের স্বার্থে। মানুষকে বিএনপির দুঃশাসনের কথা মনে করিয়ে দিতে হবে। জানাতে হবে সরকারের সাফল্য।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘উনি বলেছেন ডিসেম্বরে আওয়ামী লীগ সরকারের পতন হলে তাদের পলাতক নেতা তারেকের নামে জাতীয় সরকার হবে। তার মানে হাওয়া ভবনের চোরের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে চায়।’

এদিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। গুরুদাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোটেকট আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান।

এছাড়া সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, মো. শহিদুল ইসলাম বকুল এমপি, রত্না আহমেদ এমপি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *