নজর২৪, ঢাকা- বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে নির্বাচনে জনগণ প্রত্যাখান করায় প্রতিশোধ হিসেবে বাসে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যায়, তখন একটি অশুভ চক্র নানা ষড়যন্ত্রে মেতে ওঠে। উন্নয়ন বিরোধী এই অপশক্তি ক্ষমতায় যেতে চোরাগলি খোঁজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। নানা আন্দোলনের অপপ্রচার হচ্ছে। জনগণ তাদের অপপ্রচার নিয়ে সচেতন বলে আমরা মনে করি।’
‘তারা আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা বলেছেন সরকারের এজেন্টারা নাকি বাসে আগুন দিয়েছে। দেশ যখন শান্তিপূর্নভাবে চলে তখন কোনো সরকার কি নিজেরা অস্থিতিশীলতা তৈরি করবে যারা ক্ষমতায় আছে?’
দলীয় নেতা কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো পকেট কমিটি করা যাবে না, ত্যাগী ও দলের নিবেদিতদের কমিটিতে স্থান করে দিতে হবে।
বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আবুল প্রমুখ।
