Home জাতীয় রাজনীতি করব কখনও বলিনি: বেনজীর আহমেদ

রাজনীতি করব কখনও বলিনি: বেনজীর আহমেদ

0
73

পুলিশের চাকরিতে অবসরে যাওয়ার পর রাজনীতিতে যোগ দেবেন কি না, শেষ কর্মদিবসে এমন প্রশ্নে বেনজীর আহমেদ সুস্পষ্ট বক্তব্য দিলেন না।

রাজনীতিতে যোগ দেয়ার গুঞ্জন নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো এমন কথা কখনও বলিনি। অন্যের বক্তব্যের বিষয়ে আমি কোনো উত্তর দিতে আগ্রহী না।’

নিজের ৩৪ বছরের চাকরি জীবনের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগের পুলিশ মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তিনি। এ সময় তার নেতৃত্বে পুলিশ ও র‌্যাবের কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেন।

বেনজীর বলেন, তিনি কারও পক্ষে-বিপক্ষে ছিলেন না। তাও কেউ কেউ এটা আবিষ্কারের চেষ্টা করেছেন, যেটাকে ‘নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা’ বলে উল্লেখ করেন তিনি।

এক প্রশ্নে বেনজীর বলেন, ‘আজ পর্যন্ত দায়িত্বে আছি। অবসর নিব আগামীকাল। আগামীকালের পরে অবসর নিয়ে ভাবব। তবে অবসরের পর এই সমাজের অংশ হিসেবে মানুষের সঙ্গে বসবাস করব বাকি সারাটা জীবন।

‘মানুষের অনেক অবদান রয়েছে আমার প্রতি। আমি চেষ্টা করব জীবনের শেষ দিন পর্যন্ত তাদের পাশে দাঁড়াতে।’

তিনি বলেন, ‘চাকরির শেষ দিন মানে আগামীকাল থেকে জীবনের একটি পাতা উল্টিয়ে নতুন পাতা পড়ার চেষ্টা। তার মানে আগামীকাল থেকে দেখা হবে না-কথা হবে না এমনটি নয়। সামাজিক জীব হিসেবে সকলের সঙ্গে যোগাযোগ থাকবে, যেখানেই সুযোগ পাব একসঙ্গে দায়িত্ব পালন করব।’

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার থেকে অবসরে যাচ্ছেন বেনজীর। তবে সেদিন সাপ্তাহিক ছুটি থাকায় অফিস করা হবে না। ফলে কার্যত শেষ কর্মদিবস পার করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here