বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আজকে শপথ নিয়েছি। আমাদের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে এই ভয়াবহ দানবীয় সরকার সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ বাড়বে। জ্বালানি ও পানি সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। সরকারের দুর্নীতি আকাশচুম্বী। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।’
বিএনপিকে রাজপথে মোকাবিলা করা হবে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা পুরোনো বক্তব্যই দিয়ে যাচ্ছে সব সময়। রাজপথে পরাজিত হয়েছে আওয়ামী লীগ। আগামী দিনেও জনগণের আন্দোলনে পরাজিত হবে তারা।’
তিনি বলেন, আরাফাত রহমান কোকো একজন নিরহংকারী মানুষ ছিলেন। তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি অতি অল্প সময়ের মধ্যে ক্রিকেটের উন্নয়ন-অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিলেন। শুধু ক্রিকেট নয়, তিনি ক্রীড়ার সব প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। তবুও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
ফখরুল অভিযোগ করে বলেন, বর্তমান সরকার খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক করে রেখেছে। তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের মানুষের সমস্যার কোনো সমাধান হবে না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে লড়াই-সংগ্রাম চলছে তাতে আমরা অবশ্যই জয়ী হব।





