আর সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন

ভয়েস কল-ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের মানসম্মত সেবা (কোয়ালিটি অব সার্ভিস) দিতে না পারায় দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার এ সংক্রান্ত নির্দেশনা গ্রামীণফোনের কাছে পাঠানো হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।

এ ছাড়াও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামীণফোন নতুন কোনো সিম বিক্রি করতে পারবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, অনেকবার বলা হলেও তারা (গ্রামীণফোন) সেবার মান ভালো করছে না। সেবার মান বাড়ানোর জন্য কোনো উদ্যোগও নিচ্ছে না। যতদিন সেবার মান বাড়বে না তত দিন সিম বিক্রি করতে পারবে না। সেবার মান বাড়লেই কেবল নতুন করে সিম বিক্রি করতে পারবে।

এদিকে গত ৩১ মার্চ সবশেষ নিলামে সবচেয়ে বেশি তরঙ্গ (৬০ মেগাহার্টজ) কেনে গ্রামীণফোন।

এর আগে গ্রামীণফোনের হাতে ছিল ৪৭ দশমিক ৪০ মেগাহার্টজ তরঙ্গ। সব মিলিয়ে অপারেটরটির তরঙ্গের পরিমাণ ১০৭ দশমিক ৪০ মেগাহার্টজ হয়েছে। যদিও বাকি অপারেটরদের মতো গ্রামীণফোনও নতুন বরাদ্দ পাওয়া তরঙ্গ ব্যবহার করতে পারছে না। আগামী ডিসেম্বর থেকে অপারেটরগুলো তরঙ্গ ব্যবহার করতে পারবে বলে জানা গেছে।

বর্তমানে এক মেগাহার্টজ তরঙ্গে ১৪ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে গ্রামীণফোন। অন্যান্য অপারেটরের চেয়েও যা বেশি।

বিটিআরসি’র প্রতিবেদনে দেখা গেছে, গত মে পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *