সারাদেশে কাল থেকে রাত ৮টার পর মার্কেট-দোকানপাট বন্ধ

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামীকাল সোমবার (২০ জুন) থেকে রাত ৮টার পর সারাদেশে বিপণি-বিতান, মার্কেট ও মুদি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (১৯ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে শেষে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে রাত ৮টার পরে সব দোকানপাট বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত কাল থেকেই কার্যকর করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে এ নির্দেশনা সারা দেশের উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং এটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর দফতর থেকে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে রাত ৮টার মধ্যে সারা দেশের সব দোকানপাট-শপিংমল বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। যেখানে স্থানীয় প্রশাসনকে ওই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলা হয়।

ওই চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *