Home প্রধান খবর ময়মনসিংহে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু

0
126
প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) ফুটবল খেলার মাঠে ও বিলে মাছ ধরার সময় তাদের মৃত্যু হয়।

জানা গেছে, দুপুরে ময়মনসিংহের নান্দাইলের গাংগাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের মাঠে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে মারা যায় শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন (১১) ও বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮)।

এই তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে, দুপুরে ময়মনসিংহ সদরের দড়ি কুষ্টিয়া বালাপাড়া এলাকায় বিলে মাছ ধরার সময় বজ্রাঘাতে মারা যান হাসেন আলীর ছেলে আবু বক্কর (৪০) ও পচা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া সকালে মুষলধারে বৃষ্টির সময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চরমোহিনী গ্রামের ঘোগরা বিলে মাছ ধরার সময় বজ্রাঘাতে আহত হন গফুর মিয়ার ছেলে আবু সাঈদ (৩০)। তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here