নিখোঁজের ৩৫ ঘণ্টা পর নদী থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের (২৮) লাশ প্রায় ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া ও নিকলী উপজেলার ভরাটির সীমান্তবর্তী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেন।

হাবিবুল্লাহ হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও মারিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে হাবিবসহ সাত বন্ধু মিলে হাওরে ঘুরতে যান। অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যা ৭টার দিকে ফিরছিলেন তারা। ট্রলারের পাটাতনে চেয়ারে বসা ছিলেন হাবিব। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় ভারসাম্য হারিয়ে ট্রলার থেকে পড়ে যান হাবিব।

পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে চেষ্টা করেও তার সন্ধান করতে পারেনি। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তার খোঁজ পায়নি তারা।

পরদিন সকাল থেকেই তাকে উদ্ধারে আবারো অভিযান শুরু করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ধনু নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *