নজর২৪ ডেস্ক: এক দিনের সফরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা থেকে হেলিকপ্টারে করে মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বেলা সাড়ে ১২টার দিকে পুষ্পমাল্য নিবেদন করেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, শাহানা ইয়াসমিন শম্পা, শেখ ফারহান নাসের, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন। বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
