রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলাধীন বারইয়ারহাট বাজারে মসজিদ গলির সামনে ওভার ব্রীজের নিচে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যগন অভিযান পরিচালনা করার সময় স্থানীয় উৎসুক জনতা র্যাবের তিন সদস্যকে ‘ডাকাত’ সন্দেহে গণপিটুনিতে আহত করে। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রথমে ফেনী এবং সেখান থেকে হেলিকপ্টারে ঢাকা নেওয়া হয়েছে।
বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরবাজারে এ ঘটনা ঘটে। র্যাবের অভিযানে থাকা প্রাইভেট কারটিও (ঢাকা মেট্রো-গ-৪৫-২০২৯) ভাংচুর করে জনতা। পিটুনিতে আহত র্যাব সদস্যরা হলেন- কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজ (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি প্রাইভেটকার কাভার্ডভ্যানকে ওভারটেকিং করতে চাইলে কাভার্ডভ্যানটি প্রাইভেটকারকে ব্যারিকেড দেয়। এসময় প্রাইভেটকারে থাকা র্যাব সদস্যরা ফাঁকাগুলি করলে স্থানীয় জনতা ডাকাত সন্দেহে ৩ জনকে ধরে গণপিটুনি দেয়।
এসময় অন্য একটি গাড়িতে র্যাবের পোশাক পরিহিত কয়েকজন এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আরেকজনকে জোরারগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, আমাদের একটা অভিযান ছিল। অভিযানের প্রথম গাড়িতে যারা ছিল তাদের ওপর ডাকাত বলে হামলা চালানো হয়েছে। তাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের আমরা ফেনী পাঠিয়েছি। সেখান থেকে দুইজনকে ঢাকা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, বুধবার সন্ধ্যায় র্যাবের তিন সদস্যকে স্থানীয়রা মেরে আহত করার ঘটনায় আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি। প্রাইভেটকারটি র্যাব হেফাজতে আছে বলেও জানান তিনি।
