বিএনপি এখন খাদের কিনারায়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসলে দেশ ও জাতি নয়, ক্রান্তিকাল অতিক্রম করছে বিএনপি। নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এখন খাদের কিনারায়।

আজ রোববার তার বাস ভবনে আয়োজিত ব্রিফিংয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

জনগণ কেন বিএনপির দিকে তাকিয়ে থাকবে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো করেই জানে যে দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে টেমস নদীর ওপাড় থেকে নির্দেশনা আসার জন্য। যারা আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ। এমনকি যে দলের নেতারা তাদের চেয়ারপারসনের মুক্তির জন্য রাজপথে একটি মিছিলও বের করতে পারেনি। সেই দলের দিকে তাকিয়ে থেকে জনগণের লাভ কী?

তিনি বলেন, বিএনপি নিজেরাই জানে না তারা আসলে কী চায়। বিএনপি ষড়যন্ত্রের চোরাগলি ছেড়ে যদি রাজপথে ফিরে আসে, আমরা স্বাগত জানাই। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে অবশ্যই অলওয়েজ ওয়েলকাম কিন্তু আন্দোলনের নামে যদি আবারও জ্বালাও-পোড়াও করা হয়, আগুন সন্ত্রাস চালানো হয়, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হয়, সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা চালানো হয়, বিএনপি যদি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে তবে জনগণের জানমাল রক্ষায় দেশবাসীকে সঙ্গে নিয়ে বিএনপিকে সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *