ঈদের দিন সারাদেশে বৃষ্টি হতে পারে

রমজানের ৩০ রোজা শেষে আগামী ৩ মে পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। সেক্ষেত্রে ঈদের দিন থেকে ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২ মে থেকে সারা দেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে আসবে। বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

এপ্রিল থেকে জুন পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক-দুটি নিম্নচাপ দেখা দিতে পারে।

মে মাসের দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যস্থানে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

অন্যদিকে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিনদিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্রসহ ঝড় এবং অন্যস্থানে তিন থেকে চার দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, এবার ২৯ রোজা হলে ইদুল ফিতর উদযাপন হবে ২ মে। আর ৩০ রোজা হলে ঈদ হবে ৩ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *