ফ্রান্সে গির্জার পাশে ছুরি হামলা: দুইজন নিহত, আহত অনেক

আন্তর্জাতিক ডেস্ক- ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরের একটি গির্জার পাশে ছুরি দিয়ে এক ব্যক্তির হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। শহরটির মেয়র এই ছুরি হামলার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও দেশটির গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

 

নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্টোরসি বলেছেন, ছুরি হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ‘নটরডেম বাসিলিকার প্রাণকেন্দ্রে ওই সন্ত্রাসী হামলার সবকিছু শনাক্ত হয়েছে’ বলেও নিশ্চিত করেছেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, পুলিশের অভিযান চলছে। সবাইকে ওই এলাকায় চলাচল থেকে বিরত থাকার অনুরোধ করেছেন তিনি। দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ।

 

ফ্রান্সের গণমাধ্যমগুলো জানিয়েছে, ছুরি হামলায় নিহতদের একজন নারী। হামলার দশ মিনিটের মাথায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়। এদিকে হামলার পর সংকটকালীন বৈঠক ডাকার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল ডারমানিন।

 

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটেছে, যখন বাকস্বাধীনতার ক্লাসে মহানবীকে(সা.) বিদ্রূপ করে কার্টুন প্রদর্শনের পরে এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোঁর মুসলিম বিদ্বেষী বক্তব্যে বিশ্বজুড়ে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। তুরস্ক ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে।

 

তবে নিসের এই ছুরি হামলার কোনো কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *