হরতালে পল্টন মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতাল করছে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারা দেশে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। তবে রাজধানীতে তাদের কর্মসূচি সীমাবদ্ধ রয়েছে কয়েকটি এলাকায়। ঢাকার বেশিরভাগ এলাকায় অন্য দিনের মতই স্বাভাবিকভাবে যানবাহন চলতে দেখা গেছে।

বাম জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা সকালে পল্টন মোড়ে হরতালে সমর্থনে মিছিল বের করে। মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেন তারা। পল্টন মোড়ে তাদের অবস্থানের কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

হরতালে সমর্থন জানিয়ে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। এই হরতালে আরও ৯টি বাম সংগঠন সমর্থন জানিয়ে মিছিল করেছে পল্টনে। এ ছাড়া অবস্থা নিয়েছে ভাসানী অনুসারী পরিষদ।

বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা সকালে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগমুখী অন্য সড়কগুলোতে যানবাহনে জট তৈরি হয়।

এদিকে বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাদা পোশাকে পল্টন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, সরকার যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, তার প্রতিবাদে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শহর, বন্দর, উপজেলায় সাধারণ মানুষ হরতালের সমর্থনে রাস্তায় নেমে এসেছে। ভয় দেখিয়ে সরকার মানুষকে রাস্তা থেকে সরাতে পারবে না। সোমবার দুপুর ১২টা পর্যন্ত তাঁদের হরতাল কর্মসূচি চলবে বলে জানিয়েছেন রুহিন হোসেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, হরতালের সমর্থনে মিরপুর এলাকায় বাম জোটের নেতা–কর্মীরা মিছিল বের করেছিলেন। তিনি অভিযোগ করেন, পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সারা দেশে মিছিলে বাধা দেওয়া ও হামলার খবর আসছে বলেও দাবি করেছেন তিনি।

এদিকে রাজধানীর পল্টন-মতিঝিল, কাকরাইল ও এর আশপাশের কয়েকটি সড়কে তেমন গাড়ি না দেখা গেলেও অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১১ মার্চ পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে বাম জোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *