ফ্রান্সের পণ্য বর্জনের ডাক ইসলামী আন্দোলনের, কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি

নজর২৪ ডেস্ক- বাংলাদেশে ইসলামপন্থী একটি দল ঢাকায় এক বিক্ষোভ থেকে ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে। ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের দলটির শত শত নেতাকর্মী আজ সকালে বিক্ষোভ মিছিল করেছেন।

 

বিক্ষোভে ফ্রান্সের পতাকা এবং দেশটির প্রেসিডেন্টে এমানুয়েল ম্যাক্রঁর কুশপুত্তলিকা আগুন দিয়ে পোড়ানো হয়েছে। সেই বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে। খবর- বিবিসি বাংলার

 

ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন আজ ঢাকায় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচি নিয়েছিল। সকালে দলটির নেতাকর্মীরা ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে জড়ো হয়ে সমাবেশ করেন।

 

সমাবেশের পর ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার শ্লোগান তুলে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারিরা ঢাকার শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের ঘেরাও কর্মসূচি শেষ করেন। ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীম সহ দলটির নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

 

রেজাউল করীম ফ্রান্সের সাথে কূটনেতিক সম্পর্ক ছিন্ন করা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে নিন্দা জানানোর দাবি সহ মোট পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। ইসলামী আন্দোলন মুসলিম দেশগুলোর জোট ওআইসিকেও ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেয়ার দাবি করেছে।

 

দলটি আগামী ২৯শে অক্টোবর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।

 

বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো এবং বিভিন্ন সংগঠন কয়েকদিন ধরে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদ করছে।

 

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন।

 

পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন।

 

ফরাসি প্রেসিডেন্টর এই অবস্থানের প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চলসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে। অনেক খ্যাতনামা চেইন শপসহ ব্যবসা প্রতিষ্ঠান ফরাসি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। করোনাকালে এই বর্জনের সুদূরপ্রসারী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বর্জন বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *