পুরুষ ধমক দিলে ঠিক, নারী দিলেই যেন দোষ: আইভী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারীরা জন্মগতভাবে যোদ্ধা। সেই যোদ্ধা হয়েই আমরা প্রতিটা ক্ষেত্র জয় করতে চাই। সবক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে। উচ্চপদে থেকে পুরুষ ধমক দিলে ঠিক, তবে নারী ধমক দিলেই যেন দোষ। আমি এসব পরোয়া করি না। নারী ঘর সামলায়, বাইরেও সামলায়। তাই নারীর দায়িত্ব অনেক।

মঙ্গলবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সংক্রান্ত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, আমাদের মেয়েরা উবার, বাইক, ট্রেন চালাচ্ছে। এই সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা জাতিকে এগিয়ে নিতে হলে নারীকে পিছিয়ে রাখা যাবে না। তিনি সবক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তিনি বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা সুযোগ-সুবিধা দিয়েছেন।

তিনি বলেন, ‘যতই আমাদের সুযোগ দেওয়া হোক না কেন আমরা যদি নিজেদের শিক্ষায় শিক্ষিত করতে না পারি, আমি যদি নিজেকে মানুষ হিসেবে ভাবতে না পারি, আমার আত্মশক্তিতে যদি বলিয়ান না হতে পারি, আমার আত্মবিশ্বাস যদি বাড়াতে না পারি, তাহলে আমাকে সুযোগ দিলেও আমি সেই সুযোগটা কাজে লাগাতে পারবো না।’

এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজা ইয়াসমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজ, কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, পানকৌড়ি কিচেন অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক পারভীন আক্তার পান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *