Home প্রধান খবর নতুন সিইসির বক্তব্যে রাশিয়ার অসন্তোষ, ব্যাখ্যা চেয়েছেন রাষ্ট্রদূত

নতুন সিইসির বক্তব্যে রাশিয়ার অসন্তোষ, ব্যাখ্যা চেয়েছেন রাষ্ট্রদূত

0
220

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আগামী দ্বাদশ নির্বাচনে দেশের বিরোধী দলগুলোকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো ভোটের মাঠে টিকে থাকতে বলায় ক্ষুব্ধ হয়েছে রাশিয়া।

দেশটির ঢাকার দূতাবাস এ বক্তব্যকে রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান হিসেবে দেখছে।

রাশিয়ার ক্ষুব্ধ হওয়ার বিষয়টি রবিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তবে তিনি বলেন, ‘এটি একান্তই প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিগত মন্তব্য।’

গত ২৮ ফেব্রুয়ারি সোমবার দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘মাঠ ছেড়ে চলে গেলে হবে না। মাঠে থাকবেন। কষ্ট হবে। জেলেনস্কি হয়তো দৌড়ে পালিয়ে যেতে পারতেন। তিনি পালাননি। তিনি (জেলেনস্কির) বলেছেন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ করব। তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরোধ যুদ্ধ করে যাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। যেখানেই প্রতিদ্বন্দ্বিতা হয়, কিছুটা ধস্তাধস্তি হয়।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিইসির এ ধরনের বক্তব্যকে ঠিক ভাবে নেয়নি ঢাকার রাশিয়ার দূতাবাস। অনানুষ্ঠানিকভাবে ঢাকার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মানটিটসকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছেন। যেহেতু আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়নি। ফলে এ নিয়ে কোন উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান এখন স্পষ্ট। যা ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এ নিয়ে জাতিসংঘে বাংলাদেশ তার অবস্থানের ব্যাখ্যাও দিয়েছে। সিইসি’র মন্তব্য বা উদাহরণের সঙ্গে যুদ্ধ নিয়ে বাংলাদেশের অবস্থানের কোনো সম্পর্ক নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here