স্পোর্টস আপডেট ডেস্ক- ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন পল পগবা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এই বিতর্কিত মন্তব্যের জন্য দেশের হয়ে আর খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।
সোমবার (২৬ অক্টোবর) এমন এক খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য সান এবং ফুটবলভিত্তিক ক্রীড়ামাধ্যম কিক অফ।
অবশ্য ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন পগবার অবসর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। ২৭ বছর বয়সী মিডফিল্ডারও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। রেড ডেভিল তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি দ্য সান জানিয়েছে, এক অ্যারাবিক ওয়েবসাইটের বরাতে।
দ্য সান জানায়, ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জের ধরে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুসলিম ধর্মাবলম্বী পগবা।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদের ব্যাঙ্গাত্মক কার্টুন প্রচারের কারণে ইতোমধ্যে আলোচনার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। সেই প্রেক্ষিতে পগবাও সংহতি জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় সংবাদমাধ্যমটি।
সম্প্রতি ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করেন স্যামুয়েল পাতি নামে এক শিক্ষক। এরই জেরে নিজ ছাত্রের হাতে খুন হন তিনি। ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ইসলামকে ‘সন্ত্রাসবাদের ধর্ম’ বলে আখ্যায়িত করেন। মত প্রকাশের অংশ হিসেবে তিনি মহানবীর ব্যঙ্গচিত্র ব্যবহারের পক্ষে মত দেন।
এমনকি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকা সেই শিক্ষককে ‘লেজিয়ন অব অনারে’ ভূষিত করা হয়। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে মুসলিম দেশগুলো। ফ্রান্সের মুসলিমরা কোনোভাবেই প্রেসিডেন্টের এমন মন্তব্য মেনে নিতে পারছেন না।
দেশটিতে খ্রিস্টান ধর্মের পরই ইসলামের অবস্থান। সেখানে দেশটির সরকারের এমন মন্তব্য ও কাজ পগবার কাছে নিজের, মুসলিম জাতি এবং তার ধর্ম ইসলামের জন্য অপমানজনক বলে মনে হয়েছে। এ কারণেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম।
২০১৩ তে ২০ বছর বয়সে ফ্রান্স জাতীয় দলে অভিষেক পল পগবার। ৭২ ম্যাচে ১০ গোল করেছেন তিনি। রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিডফিল্ডারের।
