ফ্রান্সের প্রেসিডেন্টের কঠোর সমালোচনায় ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক- ইসলাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মনোভাবের জন্য তার সম্পর্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের অপমানজনক মন্তব্যর পর এবার ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

 

রোববার ইমরান খান বলেছেন, নবী মুহাম্মদের (সা.) ব্যাঙ্গচিত্র প্রদর্শনকে উৎসাহিত করে ম্যাক্রোঁ ‘ইসলামকে আক্রমণ’ করছেন।

 

ফ্রান্সে ইতিহাসের এক শিক্ষক ক্লাসে মহানবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখানোর কারণে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর ম্যাক্রোঁ মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখা নিয়ে দৃঢ়কণ্ঠে কথা বলেছেন।

 

‘ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না’ বলেও জানিয়েছেন তিনি। ম্যাক্রোঁর এই অবস্থানের প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এরই মধ্যে ‘তার মানসিক চিকিৎসা দরকার’ বলে মন্তব্য করেছেন।

 

আর এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে ফরাসি প্রেসিডেন্টের সমালোচনায় বলেছেন, “ইসলাম এবং আমাদের নবীকে নিশানা করে অবমাননাকর কার্টুন প্রদর্শনকে উৎসাহ দিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ইচ্ছাকৃতভাবে মুসলমানদের এমনকী নিজ দেশের নাগরিকদের উস্কানি দেওয়ার পথ বেছে নিয়েছেন; এটি দুঃখজনক।”

 

টুইটারে ইমরান খান লিখেছেন, ‘এটি এমন এক সময় যখন প্রেসিডেন্ট ম্যাক্রন চরমপন্থা দূর ও এটিকে ছাড় দেওয়া অস্বীকার করতে পারতেন, অথচ তিনি আরও মেরুকরণ এবং প্রান্তিককরণ করলেন, যা অনিবার্যভাবে মৌলবাদের দিকে নিয়ে যায়।’

 

আরেকটি টুইটে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, যেসব সন্ত্রাসী মুসলিম, শ্বেত শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শের হয়ে সন্ত্রাসী হামলা চালায়, তাদের পরিবর্তে তিনি ইসলামের ওপর হামলার মাধ্যমে ইসলাম আতঙ্ককে উৎসাহ দেওয়া বেছে নিয়েছেন।’

 

শনিবার এক টুইট বার্তায় তিনি বলেন, মুসলমানদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হযরত মুহাম্মদ (স.) এর সম্মান। নবীজির সম্মান রক্ষা করা ইসলামের প্রতি বিশ্বাস এবং ভালোবাসার দ্বারা ওতপ্রোতভাবে জড়িত। সমগ্র মুসলিম জাতি সর্বসম্মতিক্রমে ফ্রান্সের ভবনে মহানবীর অবমাননাকর কার্টুন প্রদর্শনের নিন্দা জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *