ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন, হবু শাশুড়িকে ফ্ল্যাট!

আন্তর্জাতিক ডেস্ক- ডাকাতি করে প্রেমিকাকে আইফোন এবং তার মাকে ফ্ল্যাট কিনে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার এক অপরাধী। হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় আটক দালালদের জিজ্ঞাসাবাদ করে তিন অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, ডাকাতির টাকা দিয়েই প্রেমিকাকে আইফোন এবং হবু শ্বাশুড়িকে ফ্ল্যাটবাড়ি কিনে দেওয়ার জন্য উত্তরপ্রদেশে মোটা অংকের টাকা পাঠিয়েছিলেন আটকদের একজন ভিকি মল্লিক।

ভিকির পাশাপাশি হাওড়ার ডাকাতি-কাণ্ডে হেমন্ত মিশ্র ও কার্তিক রাম নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনও পলাতক আরও দুই দুষ্কৃতী। তাদের এক জনের নাম বোম্বে রাজেশ।

পুলিশ সূত্রে খবর, এরা প্রত্যেকেই কুখ্যাত অপরাধী। তাদের বিরুদ্ধে নানা সময় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তবে গত ছয় মাস ধরে এরা কোথায় ছিলেন, কী করেছেন, সে খবর পুলিশের কাছে নেই। তাদের অপরাধমূলক কাজকর্মের কোনও খবর প্রকাশ্যেও আসেনি।

গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোডে ১ কোটি টাকা ডাকাতি করে পালায় তিনজন। পালাতে গিয়ে যানজট পেরোনোর সময় প্রকাশ্যে বন্দুক দেখাতে থাকে তাদের একজন। এ ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, ডাকাতি করা হয়েছে রীতিমতো বরাত দিয়ে। বরাত দিয়েছেন লোহার কারখানার মালিক সুনীল শর্মার পূর্ব পরিচিতরাই।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ননীগোপাল দাস, শিবরাম চট্টোপাধ্যায় ও বিশ্বজিত দাস নামে তিন ব্যক্তি এ ডাকাতির বরাত দেয়। তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পারেন, বিভিন্ন আর্থিক দুর্নীতিতে সুনীলকে সাহায্য করত এরা। যার ফলে তার কোথায় কত টাকা থাকে সব জানা ছিল তিন জনেরই। কিন্তু নিজেরা ডাকাতি করলে ধরা পড়ে যেতে পারে এ আশঙ্কায় কয়েকজন যুবককে ডাকাতির বরাত দেয় তারা।

এরপর তিন ডাকাত কার্তিক, হেমন্ত ও ভিকিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে দুইজন টাকার হদিশ দিতে পারলেও ভিকি একটা বড় টাকার হিসাব দিতে পারেনি। জেরার মুখে সে স্বীকার করে, ডাকাতির টাকায় বার ড্যান্সার প্রেমিকাকে আইফোন প্রো ম্যাক্স কিনে দিয়েছে সে। সঙ্গে ফ্ল্যাট কেনার জন্য শাশুড়িকে উত্তর প্রদেশে চার লাখ টাকা পাঠিয়েছে।

এ ঘটনায় বোম্বে রাজেশ নামে এক ব্যক্তির খোঁজ করছে পুলিশ। গোয়েন্দাদের দাবি, ডাকাতির বরাত নিয়েছিল সে-ই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *