শিল্পী সমিতির সম্পাদক পদ আপাতত শূন্যই থাকবে: আপিল বিভাগ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে আপাতত কেউ বসছে না। পদটির ওপর স্থিতাবস্থা দিয়ে চেম্বার আদালত যে আদেশ দিয়েছিল সেটিই বহাল রেখেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টের ওপর ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেয়।

আদালতে নায়িকা নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন মুস্তাফিজুর রহমান ও মুজিবুল হক ভুইয়া।

অন্যদিকে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার আহসানুল হক ও নাহিদ সুলতানা যুথি।

আদেশের পর আইনজীবী আহসানুল করিম বলেন, ‘চেম্বার আদালত যে আদেশ দিয়েছিলেন সেটাই বহাল থাকবে। আগামীকাল হাইকোর্টে যেহেতু শুনানির জন্য আছে, সেখানে শুনানি হবে।’

তিনি বলেন, ‘আপিল বিভাগে যেহেতু চেম্বার আদালতের আদেশ বহাল আছে, সেহেতু নিপুণ আক্তার সাধারণ সম্পাদক পদে বসতে পারবেন না।’

গত রোববার (১৩ ফেব্রুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণ আক্তারের লিভ টু আপিলের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত। এ বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।

গত ৮ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ।

জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ ঘোষণা দেন। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *