আন্তর্জাতিক ডেস্ক- ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হিজাব বিতর্কে উত্তেজনার পারদ চড়েছে অনেকটাই। হিজাবের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের পর বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। আর এবার হিজাব ইস্যুতে জোরালো মন্তব্য করে আলোচনায় এসেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসি।
তিনি বলেছেন, ভবিষ্যতে হিজাব পরিহিতা নারীই হবেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় একাধিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
টুইট করা ভিডিওতে ওয়াইসি বলেন ‘আমরা আমাদের মেয়েদের শুভেচ্ছা জানাই’ ইনশাআল্লাহ, যদি সে সিদ্ধান্ত নেয় যে আব্বা-আম্মি আমি হিজাব পরব। তাই আম্মা-আব্বা বলবেন পরো, দেখব কে বাধা দেয়। হিজাব পরে, নেকাবও কলেজে যাবে, কালেক্টরও হবে, ব্যবসায়ীও হবে, এসডিএমও হবে এবং এই দেশে একদিন একটি মেয়ে শিশুও হিজাব পরে প্রধানমন্ত্রী হবে।’
এর আগে হিজাব ইস্যুতে বিবৃতি দেওয়ার সময় ওয়াইসি বলেছিলেন যে, ভারতের সংবিধান চাদর বা হিজাব পরার অধিকার দেয়। পুট্টাস্বামীর রায় আপনাকে এটা করার অধিকার দেয়। এটি আমাদের পরিচয় এবং আমি সেই মেয়েটিকে সালাম জানাই যে সেই ছেলেদের উত্তর দিয়েছে। আমি এই মেয়েদের বলছি ভয় ও আতঙ্কিত হওয়ার দরকার নেই। যে কোনো মুসলিম নারী কোনো ভয় ছাড়াই হিজাব পরতে পারেন।
