স্পোর্টস আপডেট ডেস্ক- ‘টানা ৫ ম্যাচে ম্যান অব দা ম্যাচ, আপনার জন্য কি বিস্ময়কর?’, ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে প্রশ্নটি করলেন ধারাভাষ্যকার আতহার আলি খান। সাকিব আল হাসান স্রেফ হাসলেন। প্রশ্নের উত্তর তাতে পাওয়া গেল না। সেটা অবশ্য খুব জরুরিও নয়। পারফরম্যান্সেই তো মিশে আছে উত্তর, মুখে না বললেই কী আসে-যায়!
টানা ৫ ম্যাচে ম্যান অব দা ম্যাচ, যে কোনো সংস্করণে, যে কোনো টুর্নামেন্টেই বিস্ময়কর। আর সেটি যদি হয় ২০ ওভারের ক্রিকেটে, বিস্ময় তাহলে ছাড়িয়ে যায় আসলে কল্পনার সীমাও। সাকিব সেটিই করে দেখালেন বাস্তবে।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৫ ম্যাচে সেরার কীর্তি শুধু বিপিএল নয়, বিশ্বক্রিকেটেই প্রথম।
বিপিএলে সাকিব আল হাসান রীতিমতো উড়ছেন। তার ডানায় ভর দিয়ে উড়ছে ফরচুন বরিশালও। দলটি ইতোমধ্যে কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে। অন্যদিকে টানা ম্যাচসেরায় সাকিব অবস্থান নিয়েছেন নতুন উচ্চতায়। বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি একমাত্র ক্রিকেটার যিনি টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন।
তার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চারবার ম্যাচসেরা হওয়ার রেকর্ড ছিল পাঁচজনের। তারা হলেন— ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক, দক্ষিণ আফ্রিকার শার্ল ল্যাঙ্গাভেল্ট, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানির।
শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ রান করে ম্যাচসেরা হয়ে তাদের সবাইকে ছাড়িয়ে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
শুক্রবারের আগে আরও চারবার টানা ম্যাচসেরা হন তিনি। সেগুলোর মধ্যে রয়েছে- সিলেটের বিপক্ষে ব্যাট হাতে ৩৮ ও বল হাতে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫০ রান ও বল হাতে ২০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে ৫০ ও ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট হাতে ৪১ ও বল হাতে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা।
তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে টুর্নামেন্ট সেরারও পুরস্কারও তার হাতেই উঠবে প্রশ্নাতীতভাবে। তার আগে টানা ম্যাচসেরা হওয়ার দৌড় কোথায় গিয়ে শেষ করেন দেখার বিষয়।
