রাজশাহী- হলের সামনে ট্রাক চাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই ট্রাকসহ ক্যাম্পাসে থাকা ৬টি ট্রাকে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করেছেন। রাত ১০টার দিকে তারা সেখানে থেকে সরে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।
নিহত ছাত্রের নাম মাহবুব হামিন হিমেল। তিনি চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষে পড়তেন। তিনি থাকতেন শহীদ শামসুজ্জোহা হলে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাম্পাসে দুটি আবাসিক হল নির্মাণের কাজ চলছে। সে কাজের মালামাল পরিবহনে আসা যাওয়ার মধ্যে ছিল কয়েকটি ট্রাক।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাথরবাহী একটি ট্রাক শহীদ হবিবুর রহমান হলের সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে ছিলেন হিমেলসহ তিনজন। ঘটনাস্থলেই হিমেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে পাঠানো হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরেকজনের আঘাত গুরুতর না হওয়ায় তাকে হলে নেয়া হয়।
আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
