নজর২৪, রাজশাহী- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতা বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেয়ায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সাথে ১০ লাখ টাকা অর্থদন্ড করেছেন আদালত।
আজ সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
দণ্ডপ্রাপ্ত এই শিবির নেতার নাম আবদুল মুকিত ওরফে রাজু (২৬)। রাজশাহীর পবা উপজেলার হরিপুর গ্রামে তার বাড়ি। মুকিত হরিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানিয়েছেন মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল।
সাইদুর রহমান হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। টানা তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। এরপর এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, ২০১৭ সালের ২৭ মে মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি কৌতুক পোস্ট করে। এ কারণে পরদিন সাইদুর রহমান ওরফে বাদল পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন।
