লঘুচাপ আরও ঘণীভূত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

নজর২৪, ঢাকা- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে। সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হচ্ছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি এবং বাকি অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন জানান, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে বুধবার রাতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সেটি এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা থেকে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

 

“এটি আরও ঘনীভূত হবে। শুক্র-শনিবারের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা, বা কোন দিকে অগ্রসর হবে তা সুনির্দিষ্ট করে বলা যাবে শুক্রবার।”

 

এদিকে ভারতের আবহাওয়া অফিস বলেছে, এই সুস্পষ্ট লঘুচাপ আগামী ২৪ ঘণ্টা উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। তার পরের ২৪ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপের রূপ পাবে, অগ্রসর হবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে।

 

এর প্রভাবে অন্ধ্র প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ভারেতের উত্তর-পূর্বাঞ্চলে শনিবার পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।

 

ভারতের আবহাওয়া বিভাগের মহা পরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্রকে উদ্ধৃত করে ইনডিয়ান এক্সপ্রেস লিখেছে, শনিবার সকাল নাগাদ ওই বায়ুচক্র নিম্নচাপের আকারেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *