Home আলোচিত আইভীর বিপক্ষে গেলে শামীম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা: আব্দুর রহমান

আইভীর বিপক্ষে গেলে শামীম ওসমানের বিরুদ্ধে ব্যবস্থা: আব্দুর রহমান

0
356

ঢাকা- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, যার কথা বলা হচ্ছে (শামীম ওসমান) তিনি একটা দলের আদর্শ নীতি শৃঙ্খলা নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ ইত্যাদি লালন করেই কিন্তু এত বড় নেতা হয়েছেন। তিনি যদি আজ সেগুলো প্রতিপালন না করেন এবং এই দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন, আমাদের কাছে যেসব খবর আসছে, আমরা সেগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করছি, যখন বিষয়টি নিশ্চিত হবে, তিনি আমাদের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তখন তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমাদের কাছে বিকল্প কোনো কিছু থাকবে না। তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে এমপি শামীম ওসমান আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে কাজ করছেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের দোতলায় সিনামন রেস্টুরেন্টে আইভীর পক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আব্দুর রহমান।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে সাংবাদিকরা প্রশ্ন করেন, আইভীর জয়ের বিষয়ে আপনারা আশাবাদী কি-না। নানক উত্তরে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচন পরিচালনা কমিটিতে আমরা যারা আছি, সবাই কাজ করে যাচ্ছি নৌকাকে জেতাতে। ভৌগলিক কারণে নারায়ণগঞ্জ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইভী এতদিন সুন্দর সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। তাই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সবার সহযোগিতা চাই। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং নৌকাকে দেবেন বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শান্তিময় জায়গা। এখানে উন্নয়ন হচ্ছে আইভীর নেতৃত্বে। আরও অনেক চমক আছে, যা আমরা এখনি আলোচনা করতে চাই না। আমাদের দলে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো বিভেদ নেই। এখানে দেখেন সবাই আছে। দল আমাদের আওয়ামী লীগ, নেত্রী আমাদের শেখ হাসিনা। নির্বাচনকে আমরা মনে করি মানুষের দুয়ারে দুয়ারে যাবার একটি সুযোগ।

এদিকে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিজের দলের সংসদ সদস্য শামীম ওসমানকে ‘গডফাদার’ আখ্যা দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম তার লোক বলে যে মন্তব্য করেছেন, সে প্রসঙ্গে কথা বলেছেন শামীম ওসমান।

শনিবার রাতে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার নীরবতা নিয়ে যে ধরনের কথাবার্তা চলছে, সময় এসেছে নীরবতা ভাঙার। সত্য বলতে চাই। এই সত্য হবে সাধারণ মানুষকে জানানোর জন্য।’ কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে তিনি সত্য প্রকাশ করবেন।

নাসিক নির্বাচনে দলীয় কোনো সিদ্ধান্ত না থাকলেও জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতারা তৈমূরকে সমর্থন জানিয়ে প্রকাশ্যে গণসংযোগ করেছেন। গত শুক্রবার তৈমূরের প্রচারণায় জাতীয় পার্টির চার ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ নিয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের প্রার্থী আইভী।

তিনি বলেন, ‘তৈমূর আলম বিএনপি কিংবা স্বতন্ত্র প্রার্থী নন। তিনি শামীম ও সেলিম ওসমানের প্রার্থী।’ এসময় আইভী আরও বলেন, ‘গতকাল (শুক্রবার) বন্দরে প্রচারণা চালানোর সময় সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন। এতে প্রমাণিত হয় সারা নারায়ণগঞ্জের গুঞ্জন সত্য, তৈমূর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে।’

যদিও কয়েক দিন আগেও প্রচারের সময় শামীম ওসমানকে ‘বড়ভাই’ সম্বোধন করেন আইভী। সাংবাদিকদের তিনি বলেছিলেন, আচরণবিধির কারণে তিনি (শামীম ওসমান) প্রচারে আসতে পারছেন না। কিন্তু তিনি নৌকার পক্ষেই আছেন। নৌকার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। কিন্তু হঠাৎ শনিবার আবারও অতীতের মতো শামীম ওসমানকে ‘গডফাদার’ আখ্যা দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here