নজর২৪, ঢাকা- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের আয়োজনে বানান ভুলের জন্য তুমুল সমালোচনার মুখে আয়োজকরা ক্ষমা চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ কর্মসূচি বাস্তবায়নের জন্য এক প্রস্তুতি সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে প্রধানমন্ত্রীর শপথ পড়ানোর অনুষ্ঠানে ভুলের বিষয়ে জানতে চাইলে শেখ সেলিম বলেন, কেউ যখন ভুলের জন্য ক্ষমা চায় তখন আর কী বলার থাকে? আবু নাসের চৌধুরী আমাদের কাছে এসেছিলেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এই ভুল করেননি।
এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের পোডিয়ামে ‘মুজিববর্ষ’ বানান ভুল ছিল! পোডিয়ামে ‘মুজিববর্ষ’র বদলে লেখা ছিল ‘মুজিবর্ষ’।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডের খোঁজ-খবর রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুর্ঘটনা কবলিতদের পাশে দাঁড়ানো, আহতদের চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি তার সমাধিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জাতীয় কমিটির আয়োজনে ১১ ও ১২ জানুয়ারি বঙ্গবন্ধু কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত টুঙ্গিপাড়ায় ‘মুজিব মেলা’ হবে। বাংলাদেশ শিল্প একাডেমির আয়োজনে মেলায় দেশের ৬৪ জেলার প্রসিদ্ধ পণ্যের পসরা বসবে সেখানে।





