স্পোর্টস আপডেট ডেস্ক- সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতের মেয়েদের হারাল বাংলাদেশ। শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মারিয়া মান্ডার দল। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট।
শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। ম্যাচের অষ্টম মিনিটে লিড নেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ডি-বক্সে তাহুরা খাতুনকে ফাউল করে বসেন ক্রিবিতা দেবি। আর সেই সুবাদে পেনাল্টি পায় বাংলাদেশ। সেখান থেকে সফল স্পট কিকে বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার।
৩৩ মিনিটে কর্নার থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল তহুরাদের। কিন্তু ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা। এরপর ৪৩ মিনিটে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান শামসুন্নাহার। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল করেন রেফারি।
লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। যার ফলে ১-০ ব্যবধানেই ম্যাচ শেষ হয় তাহুরাদের।
সেই সুবাদে বাংলাদেশ উজ্জ্বল করল ফাইনালের সম্ভাবনা। রোববার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেই ম্যাচে ড্র করলে বাংলাদেশ পৌঁছে যাবে ফাইনালে।
