সচিবালয় থেকে মুছে ফেলা হলো মুরাদের নাম

নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডা. মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে নিজেকে সরাতে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটি গ্রহণ হওয়ার পরদিনই আজ বুধবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রীর বসার কক্ষের দরজায় লাগানো নামফলক থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে।

 

মুরাদ হাসানের ছেড়ে যাওয়া দপ্তরের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আজই তার লেখা নাম সরানো হয়েছে। অর্থাৎ মুরাদ হাসান আর প্রতিমন্ত্রী নেই।

 

সূত্রে জানা গেছে, সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের যে দপ্তরে ডা. মুরাদ হাসান বসতেন, সেখানে ব্যাপক সংস্কার করে সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। তার ইচ্ছাতেই তার কার্যালয়টি সাজানো হচ্ছিল। এ জন্য সাময়িকভাবে আরেকটি কক্ষে বসতেন তিনি। সেখানে নামফলক ছিল। সেখান থেকেই মুরাদের নাম সরানো হয়েছে। এ কারণে সাজানো দপ্তরে বসার ইচ্ছাও পূরণ হলো না তার।

 

অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব হারান ডা. মুরাদ হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করার পর রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

মন্ত্রিত্বের পর দলীয় পদও হারান বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত এ নেতা। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

একই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এতে তিনি হারাতে পারেন জাতীয় সংসদের সদস্য পদও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *