আন্তর্জাতিক ডেস্ক- ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত দেশটির সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। একই ঘটনায় মৃত্যু হয়েছে তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ মোট ১৩ জনের। এনডিটিভির এক সংবাদ সূত্রে এ তথ্য জানা যায়।
ভারতীয় বিমান বাহিনীর এক টুইটে বলা হয়, ‘জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং হেলিকপ্টারের আরও ১১ আরোহী দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।’
হেলিকপ্টারের ১৪ আরোহীর মধ্যে কেবল একজন জীবিত আছেন, তবে তার অবস্থাও আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই বুধবার বিকেলে এক টুইটে জানায়, তামিলনাডুতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহত ১৩ জনের আলাদাভাবে পরিচয় নিশ্চিতে ডিএনএ টেস্টের প্রয়োজন।
ভারতের বিমান বাহিনীর এক টুইটবার্তায় জানানো হয়, চিফ অফ ডিফেন্স স্টাফকে বহনকারী হেলিকপ্টারটি বুধবার দিল্লি থেকে তামিলনাড়ুর সুলুরে যাচ্ছিল।
এমআই-১৭ভি৫ মডেলের হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
