আ.লীগের কার্যালয় থেকে সরানো হলো জাহাঙ্গীরের ছবি

নজর২৪, ঢাকা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার পর মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তাঁর ছবি নামিয়ে ফেলা হয়েছে।

 

এ ছাড়া মহানগরীর অন্যান্য দলীয় কার্যালয় থেকেও তাঁর ছবি সরিয়ে ফেলা হয়েছে। কোনাবাড়ী, টঙ্গী, সালনাসহ গাজীপুরের কয়েকটি দলীয় কার্যালয়ে সাঁটানো জাহাঙ্গীরের ছবি ছিঁড়ে উল্লাস করেছেন তাঁর বিরোধী পক্ষের নেতা-কর্মীরা।

 

গতকাল রোববারের মতো আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর জেলা শহরের নগর ভবনে যাননি। বিভিন্ন কাজে এসে তাঁকে না পেয়ে সেবাপ্রার্থীরা ফিরে যাচ্ছেন।

 

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ‘এখন পর্যন্ত মেয়র নগর ভবনে আসেননি। তিনি আসবেন কি না, সেটিও জানা নেই।’

 

গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর গত শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর পর থেকে তিনি আর বাড়ির বাইরে যাননি।

 

দলীয় সূত্রে জানা গেছে, বিতর্কিত কথাবার্তার ভিডিও ছড়িয়ে পড়ার পরও অনেক নেতা-কর্মী জাহাঙ্গীর আলমের পাশে ছিলেন। তবে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর বেশির ভাগ নেতা-কর্মী তাঁকে এড়িয়ে চলছেন।

 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাহাঙ্গীর আলম যেহেতু দল থেকে বহিষ্কৃত, তাই এখন তিনি আওয়ামী লীগের কেউ নন। এ কারণে দলীয় কার্যালয় থেকে তাঁর ছবি সরিয়ে ফেলা হয়েছে।

 

আজ সকালে মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, গতকাল সন্ধ্যার পর মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জাহাঙ্গীর আলমের ছবি সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া কোনাবাড়ী থানা, কোনাবাড়ী মহানগর আওয়ামী লীগ, কাশিমপুর দলীয় কার্যালয়, সালনা, টঙ্গীসহ মহানগরের সব দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ছবি সাঁটানো ছিল। জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের পর তাঁর ছবি নামিয়ে ফেলা হয়েছে।

 

এদিকে জাহাঙ্গীর আলম গাজীপুরের মেয়র থাকছেন কি না, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ পর্যালোচনার পর দু-একদিনের মধ্যে সেই বিষয়ে জানা যাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রিসভা বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

 

দল থেকে বহিষ্কার হওয়ার পর গাজীপুর মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আইনটা (সিটি করপোরেশন আইন) দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনটি দেখা হচ্ছে। আইনটি পর্যালোচনা হোক তারপর বলব। আইনগতভাবে তার অবস্থানটা কি হবে সেটা পর্যালোচনা করা হচ্ছে।’

 

জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কি না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘আইনটি পর্যালোচনা করে সেটা বোঝা যাবে।’

 

পর্যালোচনা করতে কতদিন লাগবে- এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘২/১ দিন লাগতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *