স্পোর্টস আপডেট ডেস্ক- একদিকে দেশের মাটিতে যখন পাকিস্তানের কাছে টানা হেরে চলেছে মাহমুদুল্লাহ-রিয়াদের বাহিনী তখন হারারেতে সুখবর দিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত কামব্যাকে পাকিস্তানকে হারিয়েছেন নিগার-জাহানারারা। নিজেদের প্রথম ম্যাচে দুই বল হাতে রেখে তিন উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়েকে তিন ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাস চাঙা করে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাঘিনীরা।
হারারেতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে নামা পাকিস্তানকে শুরুতেই রেচপে ধরেন সালমারা। তাদের দলীয় রান ৫০ হওয়ার আগেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর অবশ্য পাকিস্তানের ইনিংসের হাল ধরেন নিদা ধার ও আলিয়া রিয়াজ। দুজন মিলে গড়েন ১৩৭ রানের জুটি। ৮ চার ও ২ ছক্কায় ১১১ বলে ৮৭ রান করা নিদা ধারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সালমা খাতুন।
শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আলিয়া রাজ। ৮২ বলে ৬১ রান করেন তিনি। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার ও ঋতু মণি। রুমানা আহমেদ ও সালমা খাতুন নেন একটি করে উইকেট।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ১০ রানের মাথায় ৯ রান করে আউট হন ওপেনার মুর্শিদা খাতুন। আরেক ওপেনার শামিমা অনেক্ষণ ক্রিজে থাকলেও রান তোলেন অনেক ধীর গতিতে। ৬৭ বলে ৩১ রান করে আউট হন তিনি।
এরপর ৯০ বলে ৪৫ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। তবে বাংলাদেশের জয়ের জন্য দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রুমানা আহমেদ ও ঋতু মণি। ৭ চারে ৩৭ বলে ৩৩ রান করে ঋতু মণি আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রুমানা। ৬ চারে ৪৪ বলে ৫০ রান আসে তার ব্যাট থেকে।
শেষদিকে ১৩ বলে ১৮ রান করেন সালমা খাতুন। ফলে ২ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ।
