নজর২৪, ঢাকা- রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীকে ধ র্ষ ণের হুমকি দেওয়া ঠিকানা এক্সপ্রেস লিমিটেড পরিবহনের চালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করেছে র্যাব।
রোববার (২১ নভেম্বর) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধ র্ষ ণের হুমকি দেওয়া ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল ও তার সহকারী মো. মেহেদী হাসানকে সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করা হয়েছে।
জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজারে বাহিনীটির মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।
এর আগে বদরুন্নেসার এক ছাত্রী ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, শনিবার এ ঘটনাটি ঘটেছে। এর প্রতিবাদে রোববার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুরান ঢাকার বকশীবাজার মোড় অবরোধ করেন তারা। অবরোধের কারণে শহীদ মিনার থেকে বকশীবাজার এবং চানখাঁরপুল থেকে বকশীবাজার রোডে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভে তারা ধ র্ষ ণের হুমকির বিচার চেয়ে এবং হাফ পাসের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ‘আমার বোন নির্যাতিত কেন, বিচার চাই বিচার চাই’, ‘হাফ পাস আমাদের অধিকার, দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগানও তুলতে শোনা যায়।
পরে ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তারে সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে যান।
