দেশব্যাপী নতুন কর্মসূচীর ঘোষণা দিলো বিএনপি

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী সোমবার (২২ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

 

শনিবার (২০ নভেম্বর) বিকেলে দিনব্যাপী গণঅনশন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

 

তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকার কর্মসূচি ও দেশের মহানগরগুলোতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি না হলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে অনশনে বসেন বিএনপির নেতা-কর্মীরা। এতে কয়েক হাজার কর্মীদের সঙ্গে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম জিয়ার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে সরকারের কাছে বারবার আবেদন করলেও ফ্যাসিস্ট সরকার সুযোগ দিচ্ছে না। আজকের এই কর্মসূচি ১৬ কোটি মানুষের।’

 

খালেদা জিয়াকে সরকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

 

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলের নেত্রী ছিলেন। সে কথা বাদ দিলাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সুস্বাস্থ্য তার মৌলিক অধিকার। আজকে তাকে তার মৌলিক অধিকার থেকে কেন বঞ্চিত করা হচ্ছে, সে জবাব সরকারকে দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *