খালেদাকে বিদেশ নিতে অবশেষে মাঠে নামলো বিএনপি

নজর২৪, ঢাকা- বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে গণ-অনশন শুরু করেছে বিএনপি। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

২০২০ সালের ২৫ মার্চ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শর্তসাপেক্ষে খালেদা জিয়ার মুক্তির পর মাঠে বিএনপির এটিই প্রথম কর্মসূচি।

 

রাজধানীতে অনশন হচ্ছে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

 

অনশন কর্মসূচি থেকে সহিংসতা না ছড়াতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমি বার বার বলছি, এটি একটি শান্তিপূর্ণ কর্মসূচি। আপনাদের আহ্বান জানাচ্ছি, বিকেল ৪টা পর্যন্ত যে যেখানে বসে আছেন সেখানে বসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করবেন।’

 

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় গণঅনশনে অন্যদের মধ্যে রয়েছেন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। রয়েছেন কয়েক হাজার কর্মী।

 

বিএনপির অনশন কর্মসূচির কারণে কেন্দ্রীয় কার্যালয় ঘেঁষা রাস্তার লেন বন্ধ করে দেয়া হয়েছে। অপর লেন খোলা থাকায় সেখান দিয়ে যানবাহন চলাচল করছে।

 

যেখানে অনশন চলছে তার দুই পাশে এবং পাশের রাস্তার উল্টো পাশে-এই তিন পয়েন্টে পুলিশের বিপুল সংখ্যক সদস্যের অবস্থান রয়েছে। রাখা হয়েছে জল কামান, কয়েকটি প্রিজন ভ্যান।

 

প্রসঙ্গত, এভারকেয়ার হাসপাতালের সিসিউইতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করলেও সে আবেদনে সাড়া দেয়নি সরকার। ফলে গত বৃহস্পতিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *