নজর২৪, গাইবান্ধা- গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় অটোরিকশায় থাকা ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পথচারীসহ তিনজন। ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বকচর এলাকায় শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি নৈশকোচ বকচর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন এক পথচারীসহ ছয়জন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
হতাহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন গোবিন্দগঞ্জের ঘোষপাড়া গ্রামের আশরাফ আলী, শিবপুর গ্রামের রিপন মিয়া, রাজমতি মধ্যপাড়া গ্রামের সুজন মিয়া, বকচর গ্রামের টুকু মিয়া ও নেপুরাই গ্রামের সোহাগ মিয়া।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
